Logo
×

Follow Us

বাংলাদেশ

ভূমধ্যসাগরে ট্রলার ডুবে মৃত্যু, পাচারকারীচক্রের ২ সদস্য গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

ভূমধ্যসাগরে ট্রলার ডুবে মৃত্যু, পাচারকারীচক্রের ২ সদস্য গ্রেপ্তার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবে আট বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় আন্তঃদেশীয় মানব পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সিআইডির মানব পাচার প্রতিরোধ ও দমন দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন রাজৈরের রফিকুল ইসলাম ওরফে রফিক বাঘা (৫৪) এবং গোপালগঞ্জের আমির হোসেন স্বপন (৩৮)।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখায়। বিপুল অর্থ হাতিয়ে নিয়ে তাদের অবৈধভাবে লিবিয়ায় পাঠানো হয়। পরে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে ইতালি পাঠানোর সময় তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে যায়। এতে আটজন বাংলাদেশি প্রাণ হারান।

সরকারি ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জীবিত উদ্ধার হওয়া একমাত্র ভুক্তভোগী আদালতে জবানবন্দি দিলে পাচারকারীদের নাম-ঠিকানা প্রকাশ পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিহত রাসেল শেখের পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পাচার চক্রের অন্য সহযোগীদের কাছে সেই টাকা পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে।

সিআইডি জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও মানব পাচার ও হত্যা মামলার অভিযোগ রয়েছে। এর আগে একই মামলায় গুরুদাস বারই ও মোতলেব মাতব্বর নামে আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।

নাগরিকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সিআইডি। তারা বলেছে, বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণের ক্ষেত্রে কেবল সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোনো প্রলোভনে পড়ে তথ্য যাচাই ছাড়া অর্থ বা পাসপোর্ট কাউকে দেওয়া যাবে না। অতিরিক্ত টাকা দাবি, পাসপোর্ট জিম্মি বা পাচারের খবর পেলে দ্রুত নিকটস্থ থানা বা সিআইডিকে জানাতে হবে। 

Logo