ভুয়া কূটনীতিক সেজে প্রতারণা; সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩
ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রতারক চক্রের বিরুদ্ধে জরুরি সতর্কবার্তা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, সম্প্রতি মার্কিন কূটনীতিকদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল ও পেজ তৈরি করা হয়েছে। এসব ভুয়া আইডি থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
১৫ সেপ্টেম্বর দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা নানা অজুহাতে অর্থ, উপহার সামগ্রী বা ব্যাংক তথ্য চাইছে। এতে প্রতারিত হওয়ার ঝুঁকি বাড়ছে।
দূতাবাস স্পষ্ট করেছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনলাইনে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এ ধরনের বার্তা পেলে সাড়া না দিতে এবং কোনো অর্থ না পাঠাতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
সতর্কবার্তায় আরো বলা হয়, ভুয়া প্রোফাইলগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। প্রতারণামূলক বার্তা বা প্রোফাইলের মুখোমুখি হলে তা এড়িয়ে চলতে হবে।
মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে অনলাইনে প্রতারণার ঘটনা বাড়ছে। বিশেষ করে বিদেশি কূটনীতিক বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারকরা সাধারণ মানুষকে টার্গেট করছে।
logo-1-1740906910.png)