Logo
×

Follow Us

বাংলাদেশ

১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৫২ কোটি ৬০ লাখ ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪

১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৫২ কোটি ৬০ লাখ ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৪৭ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ এ বছর প্রবাহ বেড়েছে প্রায় ৩.৪০ শতাংশ।

চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্সে বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ৭৩৫ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৩৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসেবে এ সময় পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে ১৫.৩ শতাংশ।

অভিবাসন খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং সরকারি প্রণোদনার সুবিধার কারণে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং অর্থনীতির গতিশীলতা বাড়ছে।

রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। গ্রামীণ পরিবার থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতে এর প্রভাব সরাসরি পড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও বিনিয়োগে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো গেলে দেশের বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা সহজ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক লেনদেন ও উন্নয়ন প্রকল্পে স্থিতিশীলতা আসবে।

সরকারি প্রণোদনা ও ব্যাংকিং চ্যানেলের সুবিধা অব্যাহত থাকলে এ প্রবৃদ্ধি আরো বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

Logo