Logo
×

Follow Us

বাংলাদেশ

কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল দুই বাংলাদেশি ছবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০

কলকাতা চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল দুই বাংলাদেশি ছবি

কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম বিশ্ব চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে দুই বাংলাদেশি ছবি। পিপলু আর খান পরিচালিত ‘জয়া’ পেয়েছে সেরা ফিচার ফিল্মের বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড। অন্যদিকে মাকবুল চৌধুরীর ডকুমেন্টারি ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ ডকুমেন্টারি বিভাগে জুরি মেনশন অর্জন করেছে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার পূর্ব ভারত অধ্যায় আয়োজিত এই উৎসব চলে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতার নন্দন–৩ প্রেক্ষাগৃহে ছয় দিনব্যাপী উৎসবে মোট ৩৮টি ছবি প্রদর্শিত হয়। এর মধ্যে প্রতিযোগিতামূলক বিভাগে ছিল ১৯টি ফিচার ফিল্ম। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের ছবি প্রদর্শিত হয়।

১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রযোজক আবু শাহেদ ইমন পুরস্কার প্রাপ্তির পর বলেন, এই স্বীকৃতি শুধু ছবির শিল্পী ও কলাকুশলীদের জন্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার জন্যও বড় উৎসাহ। সমালোচক, নির্মাতা ও দর্শকদের উষ্ণ অভ্যর্থনা ছবিটিকে আরো সমৃদ্ধ করেছে।

ভারতের অসমিয়া ভাষার ছবি ‘রিভার টেলস’ পেয়েছে বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড। শ্রীলঙ্কার ছবি ‘পন্থ্রম’ ফিচার ফিল্ম বিভাগে জুরি মেনশন অর্জন করেছে।

ডকুমেন্টারি বিভাগে রঞ্জিত রায়ের ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’ পেয়েছে হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড। দ্বিতীয় সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে দীপ ভূনের ‘রিভার স্টিল ফ্লোস’।

Logo