২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন। এ সফরে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সেখানে তিনি বাংলাদেশের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরবেন।
নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিংও অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে। বিশ্ব নেতাদের সঙ্গে সম্পর্ক জোরদার করাই এ সফরের অন্যতম লক্ষ্য।
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কিনা- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘে ভাষণ দেওয়া। তবে সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী এ সফরে বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তন, অভিবাসন, বৈশ্বিক অর্থনীতি ও শান্তি প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন। একই সঙ্গে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অগ্রাধিকার ও চাহিদা তুলে ধরা হবে।
logo-1-1740906910.png)