Logo
×

Follow Us

বাংলাদেশ

বেচাকেনা হচ্ছে এনআইডি, জন্মনিবন্ধনের তথ্য; ১ যুবক গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭

বেচাকেনা হচ্ছে এনআইডি, জন্মনিবন্ধনের তথ্য; ১ যুবক গ্রেপ্তার

রাজধানীতে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে অমিত পাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার বয়স ২১ বছর।

১২ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থের বিনিময়ে এনআইডি, জন্মনিবন্ধন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর), এসএমএস কনটেন্ট এবং অন্যান্য তথ্য বিক্রির বিজ্ঞাপন প্রচারের সূত্র ধরে তাকে শনাক্ত করা হয়। পরে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম তাকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতার স্ক্রিনশট আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে।

সিটিটিসি জানিয়েছে, অমিত পাল দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিলেন। তিনি বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করে তা বিক্রি করতেন। এতে সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়ছিল।

এ ঘটনায় রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তে দেখা হবে, তিনি কীভাবে এসব তথ্য সংগ্রহ করতেন এবং কারা তার সঙ্গে যুক্ত ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, এনআইডি, জন্মনিবন্ধন ও মোবাইল কল রেকর্ডের মতো তথ্য অবৈধভাবে বিক্রি হলে তা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। এসব তথ্য ব্যবহার করে প্রতারণা, অর্থনৈতিক অপরাধ এবং পরিচয় চুরির মতো ঘটনা ঘটতে পারে।

Logo