লিবিয়ায় মৃত্যুর আট মাস পর অবশেষে দেশে ফিরল জয়পুরহাটের তরুণ তরিকুল ইসলামের মরদেহ। দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে পরিবার অনিশ্চয়তায় ছিলেন, মরদেহ আদৌ দেশে ফিরবে কিনা। ১২ সেপ্টেম্বর বিকেলে কফিনে করে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
তরিকুল ইসলাম বয়সে মাত্র ২৫। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের বাসিন্দা। পরিবারের অভাব-অনটন দূর করতে প্রায় সাত বছর আগে তিনি লিবিয়ায় পাড়ি জমান। সেখানে কাজ করে সংসারের ভার বহন করছিলেন।
গত ৩ জানুয়ারি লিবিয়ায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পরিবারকে জানানো হলেও মরদেহ দেশে ফেরাতে দীর্ঘ সময় লেগে যায়। নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় আট মাস ধরে অপেক্ষা করতে হয় স্বজনদের।
১২ সেপ্টেম্বর দুপুরে তরিকুলের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিকেল ৪টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল ৫টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরদেহ আসার পর বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনকে শেষবারের মতো দেখতে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা বলেন, মরদেহ দেশে ফিরবে কি না তা নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে মরদেহ ফেরায় কিছুটা স্বস্তি পেলেও শোক কাটছে না।
আলমপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোত্তালেব হোসেন জানান, তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। এ কারণে মরদেহ দেশে ফেরাতে জটিলতা তৈরি হয়। দীর্ঘ সময় পর মরদেহ ফেরায় পরিবার কিছুটা স্বস্তি পেলেও এ ঘটনা আবারো অবৈধ অভিবাসনের ঝুঁকি ও কষ্টের চিত্র তুলে ধরেছে।
logo-1-1740906910.png)