হজযাত্রীদের জন্য ‘Labbaik’ মোবাইল অ্যাপ চালু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪
হজযাত্রীরা প্রতি বছর নানা চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা নিরসন এবং হজের সফরকে আরো সহজ, মসৃণ ও নিরাপদ করতে আধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ ‘Labbaik’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে হাজিরা একসঙ্গে বিভিন্ন সেবা পাবেন, যা তাদের যাত্রাকে করবে আরো স্বাচ্ছন্দ্যময়।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ‘Labbaik’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। একইভাবে আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। উভয় ক্ষেত্রেই ডাউনলোড লিঙ্ক বা কিউআর কোড স্ক্যান করে অ্যাপটি পাওয়া যাবে।
হজযাত্রী হিসেবে রেজিস্ট্রেশনের জন্য নাম ও নিবন্ধনের সময় প্রদত্ত মোবাইল নম্বর প্রয়োজন হবে। এরপর ওটিপি যাচাই করে চার ডিজিটের পিন সেট করতে হবে। একজন হাজী তাঁর পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন। পরিবারের সদস্যরা রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তারা হাজির তথ্য জানতে পারবেন। এছাড়া গেস্ট ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।
অ্যাপটিতে রয়েছে জরুরি মুহূর্তে সহায়তার জন্য এসওএস বাটন। কোনো হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে সাপোর্ট টিম দ্রুত উদ্ধার করবে। এছাড়া নামাজের সময়সূচী, দৈনিক হজ সিডিউল, আবহাওয়ার পূর্বাভাস, আবাসন তথ্য, ফ্লাইটের বিস্তারিত তথ্য, লাগেজ সীমা ইত্যাদি জানা যাবে।
লোকেশন ট্র্যাকিং সুবিধার মাধ্যমে হাজিরা নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থান জানতে পারবেন। পরিবারের সদস্যরাও তাদের হজযাত্রীকে ট্র্যাক করতে পারবেন। মিনা ও আরাফার তাঁবুর লোকেশনও অ্যাপে পাওয়া যাবে।
অ্যাপে হজ প্রি-পেইড কার্ডের ব্যালান্স দেখা যাবে। ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল, ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা, বাংলাদেশ মেডিকেল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্যও এতে যুক্ত রয়েছে। গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা, কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ এবং হজ ও ওমরাহ সহায়িকা হাজিদের জন্য সহজলভ্য করা হয়েছে।
logo-1-1740906910.png)