বাংলাদেশি পর্যটকদের মধ্যে মালয়েশিয়া ভ্রমণের আগ্রহ বাড়াতে ঢাকায় পাঁচ দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক ও খাবারের উৎসব আয়োজন করেছে মালয়েশিয়ান হাইকমিশন। রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজিতে ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই আয়োজন চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
‘মালয়েশিয়ান হেরিটেজ নাইট’ শিরোনামের এই উৎসবে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনারও ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী রাতে মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘সাপে’ বাজিয়ে শোনান সংগীতশিল্পী জেরি কামিত। আয়োজনে মালয়েশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।
এই আয়োজন মালয়েশিয়ার পর্যটন প্রচারণা ‘সারিয়াল এক্সপেরিয়েন্সেস’-এর অংশ, যার মেয়াদ সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, বিশ্বব্যাপী পর্যটনের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়াকে একটি নিরাপদ, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবে জনপ্রতি খাবারের মূল্য ধরা হয়েছে ৮ হাজার ৯৯৯ টাকা নেট। নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ডে বিশেষ অফারও থাকছে- ‘ডাইন ফোর, পে ওয়ান’। অর্থাৎ চারজন একসঙ্গে খাবার খেলে একজনের মূল্য পরিশোধ করলেই হবে।
আয়োজনে অংশ নিতে আগ্রহীরা আসন সংরক্ষণের জন্য যোগাযোগ করতে পারবেন 01886-441177 অথবা 01886-441188 নম্বরে।
আয়োজকরা মনে করছেন, এই ধরনের আয়োজন বাংলাদেশি পর্যটকদের মধ্যে মালয়েশিয়া ভ্রমণের আগ্রহ বাড়াবে। সাংস্কৃতিক বিনিময় ও খাবারের অভিজ্ঞতা পর্যটকদের কাছে মালয়েশিয়াকে আরো আকর্ষণীয় করে তুলবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্কও আরো দৃঢ় হবে।
logo-1-1740906910.png)