Logo
×

Follow Us

বাংলাদেশ

আমিরাতের ভিসা বাতিল হওয়া প্রবাসীদের পুনর্বাসনসহ পাঁচ দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

আমিরাতের ভিসা বাতিল হওয়া প্রবাসীদের পুনর্বাসনসহ পাঁচ দাবি

সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের কারণে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি প্রবাসীরা পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। ৭ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেমিট্যান্স যোদ্ধা ঐক্যের পক্ষে মোহাম্মদ আবুল কালাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা বৈদেশিক মুদ্রা অর্জন ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ ছুটিতে দেশে আসার পর স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়ায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এতে তারা আর্থিক সংকটে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানান। পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের ও পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য মাসিক ১৫-২০ হাজার টাকা সহায়তা ভাতা প্রদানের আহ্বান জানান।

তাদের দাবি, যদি পুনরায় আমিরাতে পাঠানো সম্ভব না হয় তবে সরকারের উদ্যোগে অন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিকল্প দেশে পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা ভাতা অব্যাহত রাখতে হবে।

এছাড়া তারা আমিরাত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা করে ভিসা জটিলতার সমাধান এবং ক্ষতিগ্রস্তদের আগের কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টির দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলার সেবাকে আরো কার্যকর ও সহজলভ্য করার আহ্বান জানান।

প্রবাসীরা বলেন, বর্তমানে আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা নবায়ন, পুনঃপ্রাপ্তি ও প্রশাসনিক জটিলতার স্থায়ী সমাধান করতে হবে। বৈধভাবে কর্মরতদের কর্মসংস্থান ও বৈধ অবস্থান নিশ্চিত করতে দুই দেশের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তারা আরো দাবি করেন, দীর্ঘদিন দেশের অর্থনীতিতে অবদান রাখা সব প্রবাসীকে সুনির্দিষ্ট প্রবাসী পেনশন বা কল্যাণ ভাতা কর্মসূচির আওতায় আনতে হবে। এতে কর্মজীবন শেষে দেশে ফিরে প্রবাসীরা সামাজিক ও আর্থিক নিরাপত্তা পাবেন।

ক্ষতিগ্রস্ত প্রবাসীরা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে তারা ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

Logo