সরকারি ব্যবস্থাপনায় হজের বেঁচে যাওয়া অর্থ ফেরত দেবে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২
ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হাজিদের সৌদি পর্বে অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হবে। ৬ সেপ্টেম্বর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোট ৪ হাজার ৩৪১ জন হাজিকে ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে।
মন্ত্রী বলেন, হজযাত্রীদের কাছ থেকে নেওয়া অর্থকে আমানত হিসেবে বিবেচনা করা হয়েছে। নির্ধারিত খাতে ব্যয় শেষে যে অর্থ অব্যয়িত থাকে, তা সরকারের কোষাগারে রেখে দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে হজ ব্যবস্থাপনায় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো সুস্পষ্ট হবে।
চলতি বছর সৌদি আরবে আবাসন, পরিবহন ও খাবারসহ বিভিন্ন খাতে ব্যয় শেষে অব্যয়িত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৮৭ লাখ টাকা। এই অর্থ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে হাজিদের মধ্যে ফেরত দেওয়া হবে। মন্ত্রী বলেন, প্রতিটি খাতের ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে এবং প্রকৃত ব্যয়ের সঙ্গে নির্ধারিত অর্থের পার্থক্য হিসাব করে ফেরত দেওয়া হচ্ছে।
ধর্মমন্ত্রী বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত। হাজিদের যাতে কোনো ধরনের হয়রানি বা অনিশ্চয়তার মধ্যে পড়তে না হয়, সে বিষয়ে সরকার শুরু থেকেই গুরুত্ব দিয়েছে। সেবা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক বিষয়গুলোতেও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে।
সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ হজ ব্যবস্থাপনায় আর্থিক স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
logo-1-1740906910.png)