Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের অনুমতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০

বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের অনুমতি

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার, এখন তা বাড়িয়ে ১৮ হাজার ডলার করা হয়েছে। এর মধ্যে প্রতিবার সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নগদে এবং বাকি অর্থ কার্ডে খরচ করা যাবে।

৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশভ্রমণের জন্য ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিদেশে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

নতুন এই সীমা প্রতি পঞ্জিকাবর্ষে কার্যকর হবে, অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ১২ বছরের কম বয়সীদের জন্য আগের নিয়ম বহাল থাকবে। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে বিদেশভ্রমণে বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ আরো সহজ হবে। এতে ভ্রমণকারীরা নগদ অর্থের পাশাপাশি কার্ড ব্যবহার করে খরচ করতে পারবেন, যা আন্তর্জাতিক ভ্রমণে নিরাপদ ও সুবিধাজনক।

Logo