ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা: ভিসা দালালের ফাঁদে পড়বেন না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩
ঢাকায় ভারতীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের সতর্ক থাকতে বলেছে। অবৈধ ভিসা এজেন্ট বা দালালদের প্রলোভনে পড়ে অর্থ, নথি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে তারা।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা দালালরা নানা ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবেদনকারীদের প্রতারণা করছে। তারা দ্রুত ভিসা পাওয়া, নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট বা গ্যারান্টিযুক্ত ভিসার মতো ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর ফলে আবেদনকারীরা অর্থ, সময় এবং ভিসা; সবই হারাতে পারেন।
হাইকমিশন আবেদনকারীদের স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই অবৈধ এজেন্টের কাছে অর্থ বা নথি জমা দেওয়া যাবে না। ব্যক্তিগত তথ্যও তাদের সঙ্গে শেয়ার করা উচিত নয়। বিশেষ করে ট্রানজিট ভিসার আবেদনকারীদের সরাসরি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় হাইকমিশন বলেছে, ভিসা আবেদনকারীদের উচিত কেবলমাত্র সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন করা। এতে প্রতারণার ঝুঁকি কমবে এবং আবেদনকারীরা নিরাপদে ভিসা পাবেন।
বিজ্ঞপ্তির শেষে হাইকমিশন আবেদনকারীদের উদ্দেশে বলেছে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
logo-1-1740906910.png)