Logo
×

Follow Us

বাংলাদেশ

৭৫ জন প্রবাসীকে সিআইপি মর্যাদা দেবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

৭৫ জন প্রবাসীকে সিআইপি মর্যাদা দেবে সরকার

বাংলাদেশ সরকার এবার সর্বোচ্চ ৭৫ জন প্রবাসীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে। বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে তাদের নির্বাচন করা হবে। প্রতি বছর অনিবাসী বাংলাদেশিদের সিআইপি মর্যাদা দেওয়ার ফলে রেমিট্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে, রাজস্ব বেড়েছে এবং প্রবাসীরা দেশের প্রতি আরো দায়িত্বশীল হয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে তিনটি ক্যাটাগরিতে সিআইপি নির্বাচনের জন্য আবেদন আহ্বান করেছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ভবন থেকে এবং মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজেও। ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচন নীতিমালা, ২০১৮’ অনুযায়ী ২০২৫ সালের সিআইপি নির্বাচনের জন্য বিদেশে বসবাসরত যোগ্য বাংলাদেশিদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে।

মোট ১৩৫ জন অনাবাসী বাংলাদেশিকে তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত করা হবে।

প্রথম ক্যাটাগরিতে দেশের শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে সর্বোচ্চ ৫০ জন নির্বাচিত হবেন। শর্ত অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে অন্তত ৩ লাখ মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগ থাকতে হবে।

দ্বিতীয় ক্যাটাগরিতে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে সর্বোচ্চ ৭৫ জন নির্বাচিত হবেন। এ ক্ষেত্রে অন্তত ১ লাখ মার্কিন ডলার বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে।

তৃতীয় ক্যাটাগরিতে বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে সর্বোচ্চ ১০ জন নির্বাচিত হবেন। শর্ত অনুযায়ী, অন্তত ৩ লাখ মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে এবং প্রসিডস রিয়ালাইজেশন সার্টিফিকেট (পিআরসি) থাকতে হবে। অধিক মূল্য সংযোজনসম্পন্ন পণ্য রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে।

১ থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মন্ত্রণালয়ে সরাসরি হার্ড কপি জমা দেওয়া যাবে না। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হিসেবে গণ্য হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে কোনো আবেদন বাতিল বা স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ, বৈধপথে রেমিট্যান্স পাঠানো এবং পণ্য রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে এই সিআইপি মর্যাদা দেওয়া হয়। গত পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৩২৬ জন প্রবাসী সিআইপি হয়েছেন। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বাধিক ১৪৯ জন সিআইপি মর্যাদা পেয়েছেন।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছরই আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী সিআইপি হয়েছেন। বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবেও দেশটি থেকে আরো ১০ জন সিআইপি মর্যাদা পেয়েছেন।

এবার সিআইপি নির্বাচনে সংখ্যা বাড়িয়ে ১৩৫ জন করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ এবং পণ্য রপ্তানিতে প্রবাসীদের ভূমিকা দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে।

Logo