যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান প্রেসিডেন্টের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩
বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি মনে করেন, ভিসা প্রক্রিয়া সরলীকরণ হলে দুই দেশের মধ্যে মানুষে-মানুষে সম্পর্ক এবং ব্যবসায়িক যোগাযোগ আরো জোরদার হবে।
১ সেপ্টেম্বর সকালে ঢাকার বঙ্গভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
আলোচনায় প্রেসিডেন্ট বাংলাদেশের কৃষি উন্নয়নে যুক্তরাষ্ট্রের অতীত বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি আরো বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে শক্তি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য এবং হাই-টেক শিল্পে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শেভরনের বিনিয়োগের উদাহরণ দিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রেসিডেন্ট রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থ রক্ষা করে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারিত হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট বলেন, এটি দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি মনে করেন, অর্থনৈতিক বাস্তবতা ও উভয় দেশের স্বার্থ বিবেচনায় চুক্তিকে আরো ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করা সম্ভব।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের গুরুত্বও তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো গভীর ও বহুমুখী করার আগ্রহ প্রকাশ করেন।
logo-1-1740906910.png)