বেঙ্গালুরুতে আটক ৩১ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে প্রেরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
ভারতের বেঙ্গালুরুতে পুলিশের অভিযানে আটক হওয়া ৩১ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে পশ্চিমবঙ্গের মালদা জেলায় আনা হয়েছে। ১ সেপ্টেম্বর রাতে বিশেষ নিরাপত্তায় তাদের মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। পরে স্থানীয় পুলিশ তাদের একটি হোল্ডিং সেন্টারে স্থানান্তর করে।
কর্ণাটক পুলিশ তিন মাস আগে বেঙ্গালুরুতে বিশেষ অভিযানে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করে। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন মুক্ত’। ওই অভিযানে মোট ২ হাজার ৯৪৪ জনের নথি যাচাই করা হয় এবং ১০৫ জনকে সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশিরা বৈধ নথি ছাড়াই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তারা কর্মসংস্থানের খোঁজে বেঙ্গালুরুতে চলে যান। গ্রেপ্তারের পর তাদের বেঙ্গালুরুতে একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কর্ণাটক পুলিশ তাদের মালদায় নিয়ে আসে।
আটকদের ট্রেনে করে মালদায় আনা হয়। যাত্রাপথে ২০ জন কর্ণাটক পুলিশের সদস্য বিশেষ নিরাপত্তা দিয়ে তাদের পাহারা দেন। মালদায় পৌঁছানোর পর স্থানীয় পুলিশ তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তাদের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে। বিএসএফ পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
গত মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য সরকার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করেছে। সীমান্তবর্তী এলাকায় হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে, যাতে আটক অভিবাসীদের অস্থায়ীভাবে রাখা যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অনুপ্রবেশের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।
logo-1-1740906910.png)