লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। ১ সেপ্টেম্বর দুপুরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে তাদের দেশে ফেরানো হয়। এসব অভিবাসী ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি ছিলেন।
সমুদ্রপথে অনিয়মিতভাবে বিদেশ গমনের চেষ্টা অনেক সময় অভিবাসীদের মৃত্যু, নিখোঁজ, জিম্মি বা আটক হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের ভ্রমণ শেষ পর্যন্ত তাদের বন্দি জীবনযাপনে ঠেলে দেয়।
বাংলাদেশ দূতাবাস সবাইকে দালাল ও মানব পাচারকারীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ গমনের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, বৈধ পথে বিদেশ গমনই নিরাপদ এবং টেকসই সমাধান।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আটক প্রবাসীদের শনাক্তকরণ, কনস্যুলার সহায়তা প্রদান এবং দেশে প্রত্যাবাসনে ধারাবাহিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে তারা নিয়মিতভাবে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখছে।
দূতাবাস জানিয়েছে, বেনগাজীর গানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে অবস্থানরত অন্যান্য বাংলাদেশি নাগরিকদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে।
logo-1-1740906910.png)