Logo
×

Follow Us

বাংলাদেশ

১৭ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে অগ্রাধিকারের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩

১৭ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে অগ্রাধিকারের নির্দেশ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির কারণে যারা যেতে পারেননি, সেই ১৭ হাজার ৭৭৭ জন কর্মীকে সরকারের নতুন ‘জিরো-কস্ট স্কিমে’ অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

শুনানি শেষে আদালত মামলাটি চার মাসের জন্য মুলতবি রেখেছেন এবং সরকারের কাছে বাস্তবায়ন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আদালতে একটি ‘এফিডেভিট-ইন-কমপ্লায়েন্স’ জমা দেয়, যেখানে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপ এবং ব্যর্থ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা তুলে ধরা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, ১৭ হাজার ৭৭৭ জন কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় তারা আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির শিকার হয়েছেন। আদালত পর্যবেক্ষণে বলেন, এই বিপুলসংখ্যক মানুষের অধিকার ও ক্ষতির বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি। তাই সরকারের ঘোষিত ১০ হাজার কর্মীর কোটায় তাদের অগ্রাধিকার দিতে হবে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। তিনি জানান, আদালতে মন্ত্রণালয়ের প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতিকার নিশ্চিত করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কর্মীদের পুনরায় পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

Logo