Logo
×

Follow Us

বাংলাদেশ

বিনাখরচে মালয়েশিয়া যেতে যা করতে হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৪৭

বিনাখরচে মালয়েশিয়া যেতে যা করতে হবে

বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা হলো অতিরিক্ত অভিবাসন খরচ। এবার সেই জায়গায় কিছুটা স্বস্তির খবর এসেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে। আর প্রথম ধাপেই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটি। অর্থাৎ, এই কর্মীদের কাছ থেকে বিমান ভাড়াসহ অভিবাসন-সংক্রান্ত কোনো খরচ নেওয়া হবে না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে বিস্তারিত নির্দেশনা ও নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই এখনই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দিয়ে ‘মালয়েশিয়ার ভিসা’ বা ‘জিরো কস্টের চাকরি’ নিশ্চিত করার সুযোগ নেই। সরকারি নির্দেশনা ছাড়া কোনো টাকা দেওয়া, মেডিকেল পরীক্ষা করানো কিংবা পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ নিষিদ্ধ।

যারা মালয়েশিয়া যেতে চান, তাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ ঠিক আছে কিনা যাচাই করুন। শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও অভিজ্ঞতার কাগজপত্র গুছিয়ে রাখুন। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেখানে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতারকচক্রের ফাঁদে না পড়া। ‘আগে টাকা দিন, মালয়েশিয়া পাঠিয়ে দেব’— এমন প্রলোভন থেকে দূরে থাকতে হবে।

মালয়েশিয়া সরাসরি বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করেছে। পাশাপাশি আরো ৩১২টি এজেন্সিকে অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে। প্রথম ব্যাচের কর্মীদের বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

সরকার জানিয়েছে, এবারের প্রক্রিয়ায় কর্মীদের কল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মস্থলে সরাসরি নিয়োগ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। বিমানবন্দরে হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের অভিযোগ দ্রুত সমাধানে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

‘জিরো কস্ট’ বা বিনা খরচে মানে নিজের ইচ্ছেমতো সবকিছু বিনাখরচে পাওয়া নয়। এটি সরকারের ঘোষিত অভিবাসন ব্যয়মুক্ত নিয়োগব্যবস্থার কথা। কারা এই সুযোগ পাবেন, কী যোগ্যতা লাগবে এবং কোন খাতে কর্মী নেওয়া হবে; এসব বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তিতেই পরিষ্কার হবে।

Logo