বাংলাদেশের সঙ্গে বর্তমানে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে মোট ৩৪টি দেশের। এর মধ্যে ৩১টি দেশের ক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি (অফিসিয়াল) পাসপোর্টধারীরা নির্দিষ্ট শর্তে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আরো দুটি দেশের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কার্যকর রয়েছে। আর একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।
২৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখা-২ থেকে প্রকাশিত তালিকায় এসব তথ্য জানানো হয়। তালিকাটি চলতি বছরের ১ জুলাই পর্যন্ত কার্যকর চুক্তির ভিত্তিতে তৈরি করা হয়েছে।
কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনাই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়ার সঙ্গে।
জাপান ও উজবেকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে। আর মালদ্বীপের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি কার্যকর। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলে এই সুবিধা প্রযোজ্য নয়।
চুক্তি অনুযায়ী দেশভেদে ভিসা অব্যাহতির মেয়াদ ভিন্ন। দক্ষিণ কোরিয়া ও মালদ্বীপের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকার সুযোগ রয়েছে। সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, তুরস্ক, লাওস ও বেলারুশের সঙ্গে চুক্তিতে ৯০ দিনের সুযোগ দেওয়া হয়েছে। ভারতের ক্ষেত্রে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৪৫ দিন থাকতে পারবেন।
ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রুনাই, ওমান, সার্বিয়া, ব্রাজিল, কাতার, কসোভো, বতসোয়ানা, আর্জেন্টিনা, কাজাখস্তান ও পাকিস্তানের সঙ্গে চুক্তিতে সাধারণত ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা রয়েছে।
চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সাধারণ সরকারি চাকরির পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এই চুক্তিতে থাকার নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
তালিকায় কয়েকটি চুক্তিকে ‘প্রস্তাবিত ভিসা ওয়েভার অ্যাগ্রিমেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিমুর-লেস্তের সঙ্গে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর চুক্তি হলেও এটি এখনো কার্যকর হয়নি। মঙ্গোলিয়ার সঙ্গে ২০২৫ সালের ১১ ডিসেম্বর এবং উজবেকিস্তানের সঙ্গে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর হলেও কার্যকর হয়নি। গাম্বিয়ার সঙ্গে ২০২৫ সালের ১৩ মার্চ চুক্তি স্বাক্ষর হয়েছে, তবে এটিও প্রস্তাবিত হিসেবে তালিকাভুক্ত।
অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের ২৪ আগস্ট ঢাকায় স্বাক্ষরিত চুক্তিতে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ৩০ দিনের ভিসা অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)