মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় এবার যুক্ত হয়েছে আরো বিস্তৃত তালিকা। দেশটির বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস (FWCMS) বৃহস্পতিবার প্রকাশ করেছে নতুন তালিকা, যেখানে বাংলাদেশ থেকে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি স্থান পেয়েছে।
প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বোয়েসেলের আওতায় রাখা হয়েছে ৬২টি রিক্রুটিং এজেন্সি। এর ফলে সরকারি তত্ত্বাবধানে কর্মী পাঠানোর সুযোগ আরো সম্প্রসারিত হলো।
তালিকাভুক্ত ২৫টি রিক্রুটিং এজেন্সির অধীনে আরো ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সরাসরি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৩৩৮টি এজেন্সি কাজ করবে।
এর আগে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছিল। নতুন তালিকায় বোয়েসেলসহ বিপুলসংখ্যক এজেন্সি যুক্ত হওয়ায় কর্মী নিয়োগের সুযোগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
এফডব্লিউসিএমএসে প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত এজেন্সিগুলোর মাধ্যমেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালিত হবে। এতে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরো স্বচ্ছ ও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
নতুন তালিকায় অন্তর্ভুক্ত এজেন্সিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্নেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট ওভারসিজ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি অ্যামপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এবং সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের অধীনে থাকা এজেন্সিগুলো।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই অন্যতম বড় শ্রমবাজার। নতুন তালিকা প্রকাশের মাধ্যমে কর্মী নিয়োগের সুযোগ আরো সম্প্রসারিত হলো। এতে বিপুলসংখ্যক কর্মীর বিদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।
logo-1-1740906910.png)