Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের নানা উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৪

প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের নানা উদ্যোগ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, নতুন শ্রমবাজার উন্মুক্ত করা এবং দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। তিনি জানান, ছয় মাসের কার্যক্রমে অনেক পদক্ষেপ নেওয়া হলেও এর বাস্তব সুফল আগামী দিনে আরো স্পষ্ট হবে।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়া সরকারের অন্যতম বড় অর্জন। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হয়েছে এবং আগামী মাস থেকেই বাংলাদেশি কর্মী নেওয়া শুরু হবে। এছাড়া দুবাইয়ে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দুবাই ট্যাক্সি কোম্পানি প্রায় ছয় হাজার চালক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

কাতারের সঙ্গেও শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে। কাতার বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল, এসি ও অন্যান্য কারিগরি খাতে কর্মী নিতে আগ্রহী। এজন্য পাঁচটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবের যুবরাজের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সফর হলে দেশটিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী কয়েক বছরে সৌদি আরবে বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন হবে। নির্মাণ, পরিবহন, সেবা ও প্রযুক্তি খাতে বাংলাদেশি কর্মীদের সুযোগ তৈরি হতে পারে।

বাহরাইনের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। দ্বিপক্ষীয় বৈঠক ও মন্ত্রণালয় পর্যায়ের সফরের মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

জাপানে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের সুযোগ বাড়ানো হয়েছে। থাইল্যান্ডের সঙ্গে শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, থাইল্যান্ডে আঞ্চলিক পরিস্থিতির কারণে অতিরিক্ত কর্মীর চাহিদা তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিদেশে মারা যাওয়া বাংলাদেশি নাগরিকদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগকে প্রতিমন্ত্রী সরকারের অন্যতম মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মরদেহ বিনা খরচে দেশে আনা যায়। বিমানবন্দরে মরদেহ পরিবহনের জন্য অতিরিক্ত অ্যাম্বুলেন্স ও ফ্রিজিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

প্রবাসীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সরকার আগামী মাসে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা ১১টি বিশেষ সেবায় অগ্রাধিকার পাবেন। কার্ডটি ব্যাংকিং ও পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে এবং ডিজিটাল অ্যাপের মাধ্যমে প্রবাসীদের অবস্থান ও সেবা গ্রহণের তথ্য সংরক্ষিত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা বন্ধে ডিমান্ড লেটার যাচাই আরও কঠোর করা হয়েছে। কোন কোম্পানি বাস্তবে আছে কি না, কর্মপরিবেশ কেমন এবং বাংলাদেশি কর্মীদের জন্য কী সুযোগ রয়েছে; এসব বিষয় দূতাবাসগুলো সরেজমিনে যাচাই করছে।

Logo