Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরো সহজ করতে ঢাকায় আলাদা ভিসা সেন্টার চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে এই কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছে দূতাবাস। নতুন কেন্দ্র চালুর সঙ্গে সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়াতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে।

দূতাবাস জানিয়েছে, কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহের আবেদনগুলো এককভাবে এই ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ, আবেদনকারীদের আর দূতাবাসে সরাসরি যেতে হবে না। কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু আগের মতোই দূতাবাসের মাধ্যমে চলবে। নতুন কেন্দ্রের ঠিকানা: ২এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট ৮০, ব্লক বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা ১২১৩।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্র একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে। আবেদনকারীরা নির্ধারিত তারিখে অনলাইনে সময় নির্ধারণ করে আবেদন জমা দিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি ও সময়সূচি সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট আলাদাভাবে ঘোষণা করা হবে।

নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কিত সেবাগুলো আগের মতোই দূতাবাস পরিচালনা করবে। এছাড়া ভিসা সেন্টার চালুর তারিখ, কার্যক্রমের সময়, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, ফি এবং অন্যান্য বিষয় সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, নতুন কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি আরও কার্যকর ও দ্রুত ভিসা সেবা নিশ্চিত করা হবে। দূতাবাস আবেদনকারীদের পরামর্শ দিয়েছে, নতুন কেন্দ্র সম্পর্কিত ঘোষণাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করতে এবং অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম মেনে আবেদন জমা দিতে।

ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার চালু হওয়ায় বাংলাদেশি নাগরিকদের জন্য কোরিয়া ভ্রমণ ও কর্মসংস্থানের সুযোগ আরও সহজ হবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও একক সেবা ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া হবে দ্রুত ও স্বচ্ছ। এটি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও জনসম্পর্ক আরো জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

Logo