কোরিয়াগামী কর্মীদের জন্য ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৮
দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের জন্য এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (EPS)-এর আওতায় নির্বাচিত বাংলাদেশি কর্মীদের জন্য ১৩ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BKTTC), মিরপুরে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে BOESL এবং HRD Korea EPS Center in Bangladesh।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মস্থলে দ্রুত অভিযোজন এবং EPS কার্যক্রমকে আরো কার্যকর করা। প্রশিক্ষণে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি, আচরণ এবং কর্মসম্পাদন বিষয়ক পাঠ দেওয়া হবে। পাশাপাশি কর্মস্থলে “Dirty, Difficult & Dangerous (3D)” ধরনের কাজের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ওয়েল্ডিং, গ্রাইন্ডিং এবং শারীরিক ব্যায়াম বিষয়ক অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শুরু হবে ২৮ আগস্ট ২০২৬ এবং চলবে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ৭:৩০ টার মধ্যে প্রশিক্ষণার্থীদের BKTTC-তে উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে Zoom App-এর মাধ্যমে অনলাইন ক্লাসেও অংশ নেওয়া যাবে।
প্রশিক্ষণার্থীদের সঙ্গে আনতে হবে
- এক জোড়া কেডস/স্পোর্টস জুতা
- দুই সেট ট্রাউজার ও টি-শার্ট
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
- মূল পাসপোর্ট
প্রশিক্ষণ শেষে পরীক্ষা ও জরিপ গ্রহণ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভিসা প্রসেসিংয়ের জন্য পরবর্তী কার্যক্রম শুরু হবে। যারা অকৃতকার্য হবেন বা অনুপস্থিত থাকবেন, তাদের ৪ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ব্যাচে পুনরায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের মতামত জরিপের মাধ্যমে সংগ্রহ করে ভবিষ্যতে প্রশিক্ষণের মান উন্নত করা হবে।
প্রশিক্ষণার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বোয়েসেল অফিসে গ্রুপভিত্তিক কোরিয়ান ভাষায় উপস্থাপন ও মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মোট ১৪টি গ্রুপে প্রতিটি গ্রুপে ১০ জন করে প্রশিক্ষণার্থী থাকবেন। পারফরম্যান্সের ভিত্তিতে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
প্রশিক্ষণকালীন সময়ে আগ্রহী প্রশিক্ষণার্থীরা নামমাত্র ফি দিয়ে BKTTC-এর আবাসিক হোস্টেলে থাকার সুযোগ পাবেন।
EPS কর্মীদের জন্য এই ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুধু ভাষা ও সংস্কৃতির জ্ঞানই নয়, বরং কারিগরি দক্ষতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কর্মস্থলে অভিযোজন সহজ করবে। এতে কোরিয়ায় কর্মীদের কর্মদক্ষতা বাড়বে এবং শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে।
logo-1-1740906910.png)