অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালদের ফাঁদে পড়ে যুবকদের প্রাণহানির ঘটনা প্রতিরোধে উদ্বিগ্ন সরকার। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যেসব দালালের কারণে তরুণরা অবৈধভাবে বিদেশে যাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বৈধভাবে বিদেশে যাওয়া যেমন জরুরি, তেমনি কাজ শেখা ও ভাষা শেখার মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যাওয়া আরো গুরুত্বপূর্ণ। তিনি ঘোষণা দেন, সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষার কোর্স চালুর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বাড়াতে হবে। এজন্য সুনামগঞ্জের সব মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে প্রচার করতে হবে যে অবৈধ পথে বিদেশে যাওয়া জীবনের জন্য ভয়াবহ ঝুঁকি। তিনি আশা প্রকাশ করেন, এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। তবে আইএলওর ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী সভায় একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাতে এই বিষয়টি বাংলাদেশের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ থেকে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যরা, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন।
logo-1-1740906910.png)