Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৯

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ

বাংলাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে সরকার জাপানের সঙ্গে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগ বাস্তবায়নে জাপানি ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

২৫ আগস্ট সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সভায় মাহ্দী আমিন বলেন, জাপানিজ শিক্ষকদের বাংলাদেশে এনে ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদের ভিসা প্রক্রিয়া ও আবাসন ব্যবস্থা সহজীকরণের জন্য সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল, আর এখন জাপানের শ্রমবাজারে প্রবেশ নতুন সম্ভাবনা তৈরি করছে।

টাউন লাইফ কোম্পানি লিমিটেডের উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তাদের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মাহ্দী আমিন জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসার মাধ্যমে জাপানে পাঠানো হবে। প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে জাপানিজ প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করবে।

নির্বাচিত প্রকৌশলীরা জাপানে যোগদানের পর উচ্চ বেতন পাবেন। পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস সুবিধাও থাকবে। ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে। তারা আগামী অক্টোবর ২০২৬-এর মধ্যে জাপানে কর্মস্থলে যোগদান করবেন। দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে প্রবেশ করবেন।

বাংলাদেশ সরকার নতুন শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে। তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধির কাজও চলমান রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া। উপস্থিত ছিলেন টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Logo