Logo
×

Follow Us

বাংলাদেশ

ছয় মাসে জনশক্তি রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৩৩

ছয় মাসে জনশক্তি রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রবাসী কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে বিদেশে গেছেন ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৫৩ শতাংশ কম। গত বছর একই সময়ে বিদেশে গিয়েছিলেন ৫ লাখ ৪২ হাজার ৪৩৮ জন।

বিদেশগামী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি গেছেন সৌদি আরবে, ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জন, যা মোট রপ্তানির ৫০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ, বাংলাদেশের জনশক্তি রপ্তানি এখনো সৌদি আরবনির্ভর। তবে গত বছরের একই সময়ে দেশটিতে গিয়েছিলেন ৩ লাখ ৬১ হাজার ৩৬৬ জন কর্মী। ফলে সৌদি আরবে কর্মী পাঠানো অর্ধেকে নেমে এসেছে।

সৌদি আরবের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর, যেখানে গেছেন ৪০ হাজার ৩৯৮ জন কর্মী। কাতারে গেছেন ৩২ হাজার ১২৭ জন, মালদ্বীপে ১৫ হাজার ৯৬৯, সংযুক্ত আরব আমিরাতে ১৩ হাজার ১২৯, কুয়েতে ১৩ হাজার ৭১, জর্ডানে ৮ হাজার ১৯৯, ইতালিতে ৫ হাজার ৩১৬, পর্তুগালে ৩ হাজার ৬০৮ এবং ইরাকে গেছেন ২ হাজার ৮৬৩ জন।

গত বছরের একই সময়ে কাতারে গিয়েছিলেন ৫৩ হাজার ১৩৫ জন, কুয়েতে ২৪ হাজার ৪৪১, মালদ্বীপে ১৮ হাজার ২৩৭, সংযুক্ত আরব আমিরাতে ৫ হাজার ৮৫২, জর্ডানে ৫ হাজার ৬০৮ এবং ইতালিতে ৪ হাজার ১৪০ জন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সৌদি আরব, কাতার ও কুয়েতে কর্মী পাঠানো কমেছে। তবে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে কর্মী যাওয়ার সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বাজারে নিয়োগ কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি হ্রাস পেয়েছে।

চলতি বছরের ছয় মাসে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমে ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জনে দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২ লাখ ৯ হাজার কম। এই নিম্নমুখী প্রবণতা জনশক্তি রপ্তানি খাতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

Logo