মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের ৯ বছর হয়েছে। এ উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন, রোহিঙ্গা সংকটকে আর অবহেলায় ফেলে রাখা যাবে না। তারা বলেছেন, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সমন্বিত ও কার্যকর ভূমিকা নিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তৃতীয় দেশে পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সমাধানের সুযোগ বাড়াতে হবে। তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই বিস্মৃত সংকটে পরিণত হতে দেওয়া যাবে না।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এ সংকটকে বৈদেশিক নীতির সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কেবল মানবিক সহায়তা নয়, বরং স্থায়ী সমাধান অর্জনে বাংলাদেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, ৯ বছর ধরে সংকট চললেও আগের ধারা বজায় রেখে আর মোকাবিলা করা সম্ভব নয়। মানবিক সহায়তার তহবিল কমছে এবং বিশ্বের মনোযোগ অন্যদিকে সরে যাচ্ছে। তাই সম্মিলিত পরিকল্পনা জরুরি। তিনি বলেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
রোহিঙ্গা মানবাধিকার কর্মী লাকি করিম বলেন, প্রত্যাবাসন শুরু হওয়ার আগে রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য মানসম্মত শিক্ষা ও টেকসই জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে। এতে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা কমবে।
অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনায় সরকার, দাতা সংস্থা, মানবিক কার্যক্রমে সম্পৃক্ত সংস্থা ও শিক্ষাবিদরা অংশ নেন। তারা বলেন, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও আকাঙ্ক্ষাকে কেন্দ্রে রেখে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।
আলোচনায় অংশ নেন এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বিশ্বব্যাংকের জ্যাঁ পেসমে, অস্ট্রেলিয়ান হাইকমিশনের কর্মকর্তা হামাহ হোসেন, আইআরসি বাংলাদেশের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রিয়াসসহ অনেকে।
logo-1-1740906910.png)