Logo
×

Follow Us

বাংলাদেশ

অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৯

অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

আগামী অক্টোবরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, “কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ চালু করব। আশা করছি, এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে নতুন একটি ন্যাশনাল এয়ারপোর্ট উদ্বোধন করতে পারব।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ, চুক্তি এবং ফ্লাইটের ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিকতার বেশির ভাগই শেষ পর্যায়ে রয়েছে। এর ফলে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর পথ খুলে যাবে।

মন্ত্রী জানান, যাত্রীদের কম খরচে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ দিতে বাজেট এয়ারলাইন্স চালুর চেষ্টা চলছে। সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ আরও সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দেশের পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

বাগেরহাটে নতুন বিমানবন্দর নির্মাণের প্রসঙ্গও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সেখানে বেবিচকের প্রায় ৬০০ একর জমি রয়েছে। তবে দেশের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার দ্রুত উন্নয়ন এবং ঢাকা থেকে বিভিন্ন স্থানে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনার কারণে সব জায়গায় নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা কমে আসছে।

দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সবাইকে নতুন উদ্যমে কাজ করতে হবে। বিমান ও পর্যটন খাতকে আরো কার্যকর ও জনবান্ধব করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। সমন্বয়হীনতা দূর করাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, সপ্তাহে একদিন সিভিল অ্যাভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করার পরিকল্পনা রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রবেশ করলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে সকাল সোয়া ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Logo