Logo
×

Follow Us

বাংলাদেশ

মন্ত্রিসভায় যুক্ত হলেন লন্ডন প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:২৪

মন্ত্রিসভায় যুক্ত হলেন লন্ডন প্রবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান। একই অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

হুমায়ুন কবিরের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে। শৈশবে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানেই বেড়ে ওঠেন। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নীতিনির্ধারণে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লিডস ল স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

কর্মজীবনের শুরুতে লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী হিসেবে কাজ করেন হুমায়ুন কবির। পরে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করার পাশাপাশি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে বিচার মন্ত্রণালয়ে একাধিক কেবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা শুরু হয় দেশে ফেরার পর। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি বাংলাদেশে ফিরে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল ও কূটনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৫ সালের অক্টোবরে তাকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিকবিষয়ক) পদে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।

এবার সেই দায়িত্বের ধারাবাহিকতায় তিনি সরাসরি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা কাজে লাগিয়ে হুমায়ুন কবির সরকারের নীতিনির্ধারণে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে।

Logo