সিঙ্গাপুরে দক্ষ কর্মী পাঠাতে বোয়েসেল-দূতাবাস বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:২৯
সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো এবং দেশটির শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও সিঙ্গাপুর দূতাবাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সকালে ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশনে এ বৈঠক হয়।
বৈঠকে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি’র সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক আলোচনা করেন। এ সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদও উপস্থিত ছিলেন।
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। বিশেষ করে সিঙ্গাপুরে বাংলাদেশি দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে আরো গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিঙ্গাপুরের পক্ষ থেকে জানানো হয়, দেশটির বিভিন্ন খাতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত কর্মী পাঠানো হলে উভয় দেশের জন্যই তা লাভজনক হবে। অন্যদিকে বোয়েসেল জানায়, সরকারি ব্যবস্থাপনায় দক্ষ কর্মী পাঠানো হলে প্রবাসীরা নিরাপদে কাজ করতে পারবেন এবং রেমিট্যান্স প্রবাহ আরো বাড়বে।
বৈঠকে কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বোয়েসেল জানায়, বাংলাদেশে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে কর্মীরা আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করতে পারেন। সিঙ্গাপুর দূতাবাসও এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেয়।
উভয় পক্ষ মনে করে, সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ানো হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে। বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণের জন্য যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
logo-1-1740906910.png)