Logo
×

Follow Us

বাংলাদেশ

হালাল শিল্পে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগের সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:১৪

হালাল শিল্পে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগের সম্ভাবনা

হালাল শিল্পকে বৈশ্বিক বাজারে সম্প্রসারণে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, হালাল এখন শুধু ধর্মীয় মূল্যবোধের বিষয় নয়; স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যের দিক থেকেও এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। ফলে বিশ্বজুড়ে হালাল পণ্যের একটি বড় বাজার তৈরি হয়েছে।

১৯ আগস্ট রাজধানীতে আয়োজিত “থিংক হালাল, গ্রো গ্লোবাল: স্ট্রেংদেনিং মালয়েশিয়া-বাংলাদেশ মার্কেট লিংকেজেস অ্যান্ড লিভারেজিং বাংলাদেশ’স হালাল ইন্ডাস্ট্রি ফর গ্লোবাল গ্রোথ” শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হালাল ডেভেলপমেন্ট করপোরেশন এবং ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, হালাল ধারণা শুধু ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত নয়, বরং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়টিও এর সঙ্গে যুক্ত হয়েছে। মালয়েশিয়া ইতোমধ্যেই হালাল শিল্প ও পণ্যের জন্য একটি বড় বৈশ্বিক বাজারের সম্ভাবনা চিহ্নিত করতে পেরেছে। বাংলাদেশও একই অভিন্নতা কাজে লাগিয়ে হালাল শিল্পে নতুন বাজার তৈরি করতে পারে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধে অনেক মিল রয়েছে। এই অভিন্নতা দুই দেশের জন্য একটি বড় শক্তি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হালাল শিল্পে নতুন সম্ভাবনা উন্মোচিত হতে পারে।

জহির উদ্দিন স্বপন বলেন, হালাল খাদ্যসংস্কৃতি বৈশ্বিক বাজারের বড় একটি ক্ষেত্র। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সুযোগ তৈরি করতে হবে। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্বে বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত ধারণা ও তথ্যভিত্তিক প্যাকেজ তৈরি করা গেলে তারা এ খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে হালাল পণ্যের সম্ভাব্য ভোক্তারা সংগঠিতভাবে এসব পণ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে বিনিয়োগকারীরাও এ বাজারে প্রবেশের সুযোগ খুঁজছেন। সঠিক উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে এই দুই পক্ষকে একটি কার্যকর বাজার ব্যবস্থার মধ্যে আনা সম্ভব।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং মালয়েশিয়া সরকার সফরকে ঘিরে যেসব আয়োজন করেছে, তা দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতিফলন। তিনি মালয়েশিয়া সরকার ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, হালাল শিল্পে সহযোগিতা সেই সম্পর্ককে আরো শক্তিশালী করতে পারে। এ উদ্যোগের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশাপাশি বৈশ্বিক বাজারেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, হালাল খাদ্য, হালাল সংস্কৃতি এবং ক্রমবর্ধমান হালাল মূল্যবোধ শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র মানবসভ্যতার জন্য শক্তির উৎস হতে পারে।

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হালাল ডেভেলপমেন্ট করপোরেশন এবং ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Logo