প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সহজ করতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষা সনদ ছাড়াও পাসপোর্ট ও ওয়ারিশ সনদের মতো প্রমাণাদির ভিত্তিতে সংশোধন করার বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত হলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধন করা হবে।
অনেক প্রবাসী কম বয়সে পাসপোর্ট করে বিদেশ গেছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পাসপোর্ট নবায়নে জন্মতারিখসহ নানা সমস্যায় পড়তে হয়। তাই পাসপোর্টকে ভিত্তি ধরেই সংশোধন আবেদন বিবেচনা করা হবে। জন্মতারিখ পরিবর্তনের ক্ষেত্রে ওয়ারিশ সনদ নেওয়া হবে, যেখানে পরিবারের সদস্যদের এনআইডি উল্লেখ করতে হবে। এনআইডি না থাকলে শিক্ষা সনদকে প্রাধান্য দেওয়া হবে।
পাসপোর্টের পাশাপাশি ওয়ারিশ সনদ, প্রবাসে চাকরির আইডি, রেসিডেন্স কার্ড, বিএমইটি কার্ড, ভিসা পেপারস, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি গ্রহণ করা হবে। কেউ যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে জন্য পাসপোর্টে ভিসা সিল ও ইমিগ্রেশনের তথ্যও যাচাই করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এনআইডি সেবা সহজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইতোমধ্যে কাজের গতি বেড়েছে। সেবাগ্রহীতা এতে সুফল পাচ্ছেন। সামনে আরো পাবেন।”
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস, মালদ্বীপের মালে, ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে।
এছাড়া নতুন করে সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডে কার্যক্রম শুরু করছে ইসি।
logo-1-1740906910.png)