বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি ক্রাউন প্রিন্সের দাওয়াত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৭:৪৩
সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে সফরের দাওয়াত দিয়েছেন। ১৭ আগস্ট সচিবালয়ের নিজ দপ্তরে তারেক রহমানকে দাওয়াতের চিঠি পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আরিয়াহ।
সৌদি ক্রাউন প্রিন্সের সই করা ২১ জুলাইয়ের সেই চিঠিতে বলা হয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই আমন্ত্রণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব গেলে সবচেয়ে বেশি আগ্রহ থাকবে দেশটিতে থাকা ৩৫ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর। কারণ সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। সফরে শ্রমিকদের অধিকার, কর্মসংস্থানের সুযোগ, ভিসা ও নিয়োগপ্রক্রিয়া, বেতন-ভাতা এবং প্রবাসীদের কনস্যুলার সেবা নিয়ে আলোচনা হলে তা সরাসরি বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সৌদি সফরের দাওয়াত এলেও সফরের সময় ঠিক হয়নি। দুই দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পারস্পরিক সুবিধাজনক সময়ে ঠিক করা হবে আশা করা হচ্ছে।
শুধু শ্রমবাজার নয়, সৌদির বিনিয়োগও বাংলাদেশের জন্য বড় বিষয়। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর বিভিন্ন প্রকল্পে বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণ এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
তবে সৌদি সফরের ফলাফল নির্ভর করবে আলোচনায় কী ধরনের সমঝোতা হয় তার ওপর। বিশেষ করে নতুন কর্মসংস্থান, দক্ষ কর্মীদের সুযোগ, প্রবাসীদের সুরক্ষা এবং বিনিয়োগে অগ্রগতি হলে সম্ভাব্য সফর বাংলাদেশ সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে।
logo-1-1740906910.png)