Logo
×

Follow Us

বাংলাদেশ

মালদ্বীপে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০৮

মালদ্বীপে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে। সম্প্রতি বৈদেশিক মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলারের প্রাপ্যতা নিয়ে কিছু সমস্যার কারণে প্রবাসীরা বাংলাদেশে অর্থ পাঠাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ পরিস্থিতি গভীরভাবে উপলব্ধি করে হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যাংক এবং বৈধ রেমিট্যান্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করছে। হাইকমিশন বলেছে, মালদ্বীপে অর্জিত আয় যেন বৈধ, নিরাপদ, সহজ ও কার্যকর উপায়ে বাংলাদেশে পাঠানো যায়, সেটিই তাদের অন্যতম অগ্রাধিকার। বর্তমানে প্রবাসীরা এনবিএল (NBL), ওয়েস্টার্ন ইউনিয়ন (Western Union) এবং মালদ্বীপ ইসলামিক ব্যাংক (MIB)-এর মাধ্যমে প্রযোজ্য নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে পারেন।

প্রবাসীদের প্রতি হাইকমিশনের অনুরোধ, অর্থ প্রেরণের ক্ষেত্রে শুধু অনুমোদিত ও নিয়ন্ত্রিত এসব বৈধ চ্যানেল ব্যবহার করুন এবং অননুমোদিত বা অনানুষ্ঠানিক কোনো মাধ্যমে অর্থ পাঠানো থেকে বিরত থাকুন। কারণ অননুমোদিত পথে অর্থ পাঠালে তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের অর্থের নিরাপত্তা ও দেশে রেমিট্যান্স প্রেরণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে বর্তমান বৈদেশিক মুদ্রা ও তারল্য পরিস্থিতির প্রেক্ষাপটে রেমিট্যান্স প্রেরণ আরো সহজ ও কার্যকর করার লক্ষ্যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। প্রবাসীদের ধৈর্য, সহযোগিতা ও আস্থার জন্য হাইকমিশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশ্বস্ত করেছে, কোনো নতুন কার্যকর ও যাচাইকৃত ব্যবস্থা বা সুবিধা চালু হলে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের জানানো হবে।

Logo