সিঙ্গাপুরে প্রবাসীদের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতবিনিময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০৩
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। ১০ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টায় সিঙ্গাপুরের একটি হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত এ অনুষ্ঠানে তিনি অংশ নেন। এতে ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী ও প্রবাসী কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের চলমান ব্যবসা, সুযোগ-সুবিধা ও সমস্যার কথা তুলে ধরেন। তারা বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, চেম্বার দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক কূটনীতি এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। সিঙ্গাপুর একটি বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে বাংলাদেশের জন্য বড় বিনিয়োগ সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি জানান, সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে এবং সম্প্রতি মন্ত্রিসভায় বিনিয়োগ সংক্রান্ত একটি বিল অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, তাই রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। তিনি গবেষণা, উদ্ভাবন ও নীতিগত সহায়তার ওপর জোর দেন। পাট ও পাটজাত পণ্য সিঙ্গাপুরে সম্ভাবনাময় রপ্তানি খাত হতে পারে বলেও উল্লেখ করেন।
ব্যবসায়ীরা প্রস্তাব দেন, বাংলাদেশে ডেটা সেন্টার খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) হলে স্টিল, জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং খাতের কোম্পানিগুলো লাভবান হবে। তারা সিঙ্গাপুরে বাংলাদেশি পণ্য প্রদর্শনের জন্য রোডশো আয়োজনের প্রস্তাব দেন।
পেশাজীবীদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, নির্মাণ ও সেবা খাতের কর্মীরা অংশ নেন। তারা বয়স্কদের যত্নসেবা খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগের কথা বলেন এবং স্বাস্থ্যসেবায় দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন।
প্রবাসীরা অভিবাসন ব্যয়ের উচ্চতা ও কিছু রিক্রুটিং এজেন্সির অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা প্রস্তাব দেন, প্রাক্তন প্রবাসীদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া এবং সিঙ্গাপুরে কর্মরতদের জন্য সাশ্রয়ী প্রশিক্ষণ কোর্স চালু করা যেতে পারে। প্রতিমন্ত্রী আশ্বাস দেন, সরকার নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও ব্যয় কমানোর জন্য কাজ করছে।
তিনি বলেন, সরকার টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং (TVET) খাতে সুযোগ বাড়াতে কাজ করছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের বিনিয়োগের জন্য উন্মুক্ত। তিনি প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেন এবং তাদের প্রস্তাব লিখিতভাবে জমা দিতে অনুরোধ জানান, যাতে সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তা বাস্তবায়ন করতে পারে।
logo-1-1740906910.png)