কোরিয়ায় বাংলাদেশি কর্মীরা ভালো করছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০১
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশি কর্মীরা দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মঙ্গলবার তার কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফরেন ওয়ার্কফোর্স ডিভিশনের পরিচালক হান ইউন-সুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঘনিষ্ঠ সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি কোরিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তারা ধারাবাহিকভাবে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আসছে।
২০০৮ সাল থেকে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৯ জন বাংলাদেশি কর্মী কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। কর্মসংস্থান পারমিট সিস্টেম (ইপিএস) দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এ ব্যবস্থার মাধ্যমে আরো সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেন, বাংলাদেশ বাস্তবসম্মত পদক্ষেপ নিতে আগ্রহী, যাতে কোটা সর্বোচ্চভাবে ব্যবহার করা যায়, রোস্টার ব্যবস্থাপনা উন্নত হয়, কর্মী নির্বাচন ও নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ জোরদার করা যায়। তিনি কোরিয়া সরকারের কাছে কৃষি ও পশুপালনসহ অতিরিক্ত খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অনুরোধ জানান।
কোরিয়ার প্রতিনিধি হান ইউন-সুক বলেন, কোরিয়া মূলত ইপিএস ব্যবস্থার মাধ্যমে কর্মী নিয়োগ করে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। তিনি জানান, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে কোরিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদ, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (BOESL) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)