আরব আমিরাতে বাতিল হওয়া ভিসা পুনর্বহালের দাবি প্রবাসীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫৭
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল ও নবায়নের দাবি জানিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নামের একটি সংগঠন। ১১ আগস্ট রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি মো. শরিফ। তিনি বলেন, অনেক প্রবাসীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হয়েছে। এর ফলে তারা কর্মসংস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন। এতে আর্থিক সংকটের পাশাপাশি পারিবারিক জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি আরো জানান, ভিসা বাতিল হওয়ায় অনেক প্রবাসী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে তারা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। অথচ ভিসা জটিলতার কারণে তাদের জীবিকা বিপন্ন হচ্ছে। এ পরিস্থিতি সমাধানে সরকারের কূটনৈতিক উদ্যোগ আরো জোরদার করার আহ্বান জানান তিনি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করছে। তাই তাদের ভিসা সমস্যার দ্রুত সমাধান করা জরুরি। তারা সরকারের কাছে অনুরোধ জানান, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাতিল হওয়া ভিসা পুনর্বহাল ও নবায়নের ব্যবস্থা করতে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন মো. শহীদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির জন্য রেমিট্যান্স যোদ্ধা। তাদের সমস্যার সমাধান না হলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
logo-1-1740906910.png)