দ্রুত দেশে আনা হবে সৌদি কারখানায় নিহত বাংলাদেশিদের মরদেহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৩৭
সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকদের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রিয়াদের আল-শিফা এলাকার মুসা সানাইয়া শিল্পাঞ্চলে একটি সোফা তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানাটি লাইসেন্স বা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। ফলে অগ্নিকাণ্ডের পর কারখানাটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। খবর গালফ নিউজের।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। আগুন লাগার পর সৌদি সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় নিশ্চিত করা, মরদেহ হস্তান্তর এবং দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন তারা।
বাংলাদেশ সরকার জানিয়েছে, নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। মরদেহ দেশে আনার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে শেষ পর্যন্ত ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন নওগাঁর, দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাসিন্দা।
সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর একটি। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এখন মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।
logo-1-1740906910.png)