Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসী কার্ড বনাম বিএমইটি ছাড়পত্র: কোথায় কী সুবিধা?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:০৫

প্রবাসী কার্ড বনাম বিএমইটি ছাড়পত্র: কোথায় কী সুবিধা?

বিদেশে বৈধভাবে চাকরি নিয়ে যেতে হলে বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি অনুমোদন হলো জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড। এটি ছাড়া কোনো কর্মী আইনগতভাবে বিদেশে চাকরি করতে যেতে পারেন না। অন্যদিকে প্রবাসীদের বৈধ পরিচয় নিশ্চিত করা এবং রেমিট্যান্স পাঠানোর উৎসাহ বাড়াতে সরকার সম্প্রতি প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। দুটি কার্ডই প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের উদ্দেশ্য ও সুবিধা ভিন্ন।

বিএমইটি ছাড়পত্র মূলত বৈধ অভিবাসন নিশ্চিত করে। বিমানবন্দরে হয়রানিমুক্ত অভিবাসন, সরকারি বীমা ও আইনি সুরক্ষা, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশেষ প্রণোদনা, এমনকি প্রবাসে মৃত্যুবরণ করলে মরদেহ দেশে আনার মতো কল্যাণমূলক সুবিধা কর্মীরা পান। এ ছাড়পত্র থাকলে বিদেশে বিপদে পড়লে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস থেকে অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য পাওয়া যায়। প্রবাসী কর্মীর পরিবারের সদস্যরা সরকারি অনুদান ও শিক্ষা বৃত্তির সুযোগও পান।

অন্যদিকে প্রবাসী কার্ড হলো একটি ডুয়েল কারেন্সি ডিজিটাল কার্ড, যা প্রবাসীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি নানা ধরনের আধুনিক সুবিধা দেবে। এ কার্ডের মাধ্যমে বিমানবন্দর ও ইমিগ্রেশনে বিশেষ সেবা পাওয়া যাবে, এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার করা যাবে, বিমান টিকিট, হোটেল বুকিং ও গাড়ি ভাড়ায় ছাড় পাওয়া যাবে। আর্থিক সুবিধার মধ্যে রয়েছে রেমিট্যান্সের ওপর বাড়তি প্রণোদনা (৩ শতাংশ পর্যন্ত করার পরিকল্পনা), সহজ শর্তে ঋণ, প্রিফারেনশিয়াল ব্যাংকিং সেবা, রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট ও ক্রেডিট স্কোরিং। সামাজিক সুবিধার মধ্যে সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি প্রতিষ্ঠানে ডিসকাউন্ট, প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা, এমনকি জমি রেজিস্ট্রেশন ও বিনিয়োগে অগ্রাধিকার অন্তর্ভুক্ত থাকবে।

বিএমইটি ছাড়পত্র যেখানে বৈধ অভিবাসনের জন্য বাধ্যতামূলক, প্রবাসী কার্ড সেখানে প্রবাসীদের জীবনযাত্রা ও আর্থিক সুবিধাকে আরো সহজ ও আধুনিক করবে। একদিকে এটি প্রবাসীদের ডিজিটাল পরিচয় নিশ্চিত করবে, অন্যদিকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহ বাড়াবে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিএমইটি ছাড়পত্র প্রবাসীদের আইনি সুরক্ষা দেয়, আর প্রবাসী কার্ড তাদের জীবনযাত্রায় বাড়তি সুবিধা যোগ করবে। দুটি উদ্যোগ একসঙ্গে প্রবাসীদের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করবে।

Logo