প্রবাসী কার্ড চালুতে মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:০৩
বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসীদের আর্থিক লেনদেন সহজীকরণ, ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নানা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “আজ প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছি। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের অবদান সর্বাগ্রে। তাদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা ও দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতেই এ ডিজিটাল প্রবাস কার্ড প্রবর্তন করা হচ্ছে।” তিনি জনতা ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা দ্রুত ও নিরাপদ লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা সহজে ভোগ করতে পারবেন।
সভাপতির বক্তব্যে সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের সময়-আবদ্ধ পরিকল্পনা অনুযায়ী প্রবাসীদের কল্যাণে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত নির্দিষ্ট মেয়াদের মধ্যে বাস্তবায়ন করা হবে। আজকের সমঝোতা স্মারক সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসী কার্ড চালুর মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে পারবেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে। একই সঙ্গে প্রবাসীরা সরকারি বিভিন্ন সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিনিয়োগ সুযোগ আরো সহজে গ্রহণ করতে পারবেন।
logo-1-1740906910.png)