মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা নিয়ে সতর্ক করল বোয়েসেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৭
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL)। সংস্থাটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনেকেই কর্মী নিয়োগের নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং শুধু সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সরকারি কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালিত হবে এবং এ বিষয়ে একমাত্র অনুমোদিত সংস্থা হলো বোয়েসেল। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তা সম্পূর্ণ অবৈধ।
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে সবাইকে সচেতন হতে হবে। ভুয়া বিজ্ঞাপন বা প্রতারণামূলক কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংস্থাটি কর্মী নিয়োগে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারি ওয়েবসাইট, অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ এবং ইমেইলের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে। বোয়েসেলের ওয়েবসাইট (www.boesl.gov.bd) এবং ইমেইল (info@boesl.gov.bd) এর মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা বাংলাদেশে দীর্ঘদিনের সমস্যা। অনেকেই দালালের প্রলোভনে পড়ে অর্থ হারান এবং পরে বিদেশে গিয়ে বিপদে পড়েন। তাই সরকারি অনুমোদিত সংস্থার বাইরে কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
logo-1-1740906910.png)