সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬
সম্পাদকীয়
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৪৯
সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’। দৈনিক বণিক বার্তা ও সিঙ্গাপুরের থাকরাল গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সিঙ্গাপুরে কর্মরত এবং দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
অনুষ্ঠানে বাংলাদেশ ও সিঙ্গাপুরের সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে অনেক প্রবাসীকে বিদেশে যেতে জমিজমা বিক্রি করে ১০ থেকে ১৪ লাখ টাকা খরচ করতে হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অভিবাসন ব্যয় সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরো বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গর্ব ও শক্তি। তাদের কঠোর পরিশ্রম যেমন পরিবারের জীবনমান উন্নত করছে, তেমনি দেশের অর্থনীতির ভিতকে আরও শক্তিশালী করছে। বর্তমানে প্রায় ১ লক্ষ ৫০ হাজার বাংলাদেশি সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে সিঙ্গাপুর থেকে এসেছে প্রায় ৪৭৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার।
প্রতিমন্ত্রী জানান, অভিবাসীদের সার্বিক সেবা ও সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিহাসে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডেডিকেটেড ‘মাইগ্রেশন উইং’ খোলা হয়েছে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে জনশক্তি সহযোগিতা আরো সম্প্রসারিত হচ্ছে এবং দক্ষতা উন্নয়ন, পুনঃকর্মসংস্থান ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিতকরণে আলোচনা অব্যাহত রয়েছে।
সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি পাঁচটি বিশেষ অনুরোধ জানান— বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো, সিঙ্গাপুরের আইন ও কর্মসংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ, ভিন্ন ভাষা ও ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের উন্নত করা।
তিনি সম্প্রতি সিঙ্গাপুরে বেতন-বকেয়া ও কর্মসংস্থান হারানো বাংলাদেশি কর্মীদের সহায়তায় সিঙ্গাপুর সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে একটি স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে। প্রবাসীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা যেন শুধু রেমিট্যান্স প্রেরক না হয়ে বাংলাদেশে বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন। এতে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে কর্মরত ১৫ জন অসাধারণ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া চারটি প্রতিষ্ঠান, দুইজন সিআইপি এবং সিঙ্গাপুরস্থ বাংলাদেশভিত্তিক ব্যাংকগুলোর আওতাধীন শীর্ষস্থানীয় তিনটি এক্সচেঞ্জ হাউজকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
logo-1-1740906910.png)