অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের সুযোগ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা। এ বিষয়ে ঢাকাস্থ অস্ট্রেলিয়া হাইকমিশন বিশেষ সতর্কবার্তা দিয়েছে।
৮ আগস্ট হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত বার্তায় বলা হয়, ভিসা সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোনো মাইগ্রেশন এজেন্ট অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা গ্রহণ করা।
হাইকমিশন জানিয়েছে, নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টদের একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয়। এর মধ্যে রয়েছে ন্যায্য ও যুক্তিসঙ্গত ফি গ্রহণ, কোন সেবা প্রদান করবেন এবং তার খরচ কত পড়বে তা লিখিতভাবে জানানো, ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে যত দ্রুত সম্ভব আবেদনকারীকে অবহিত করা।
অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টদের কার্যক্রম সম্পর্কে জানতে হাইকমিশন অফিস অব মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি (OMARA)-এর ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছে। সেখানে সেলফ-সার্ভিস পোর্টালের মাধ্যমে নিবন্ধিত এজেন্ট খুঁজে পাওয়া যাবে। এছাড়া অস্ট্রেলীয় আইনজীবীর সেবা গ্রহণের নিয়ম জানতে হোম অ্যাফেয়ার্স বিভাগের ওয়েবসাইটে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
হাইকমিশন আরো জানিয়েছে, নিবন্ধিত এজেন্টরা নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদণ্ড মেনে চলেন। তারা প্রতারণা বা ভুয়া প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেন না। তাই ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ বা সেবা নেওয়ার ক্ষেত্রে নিবন্ধিত এজেন্ট বা আইনজীবীর ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে হাইকমিশন বলেছে, ভুয়া এজেন্টদের প্রলোভনে পড়ে অর্থ হারালে ভিসা প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি আইনি জটিলতায় পড়তে হতে পারে। তাই ভিসা আবেদন করার আগে অবশ্যই এজেন্টের নিবন্ধন যাচাই করতে হবে।
অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের এই সতর্কবার্তা স্পষ্ট করে দিয়েছে, ভুয়া এজেন্টদের প্রতারণা থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে এবং নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট বা আইনজীবীর সেবা নিতে হবে।
logo-1-1740906910.png)