বিদেশ ভ্রমণসেবায় ডলার পাঠাতে পারবেন ট্যুর অপারেটররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৪:৪৩
বিদেশ ভ্রমণসেবায় বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক। এতদিন বিদেশে ভ্রমণ করতে গিয়ে সব খরচ ভ্রমণকারীদেরই বহন করতে হতো। এবার থেকে ট্যুর অপারেটররা সরাসরি বিদেশি মুদ্রা পাঠাতে পারবেন সংশ্লিষ্ট দেশের ভ্রমণসেবাদাতা প্রতিষ্ঠানকে।
৯ আগস্ট জারি করা সার্কুলারে বলা হয়েছে, ভ্রমণসেবাদাতা কোম্পানিগুলো স্থানীয় মুদ্রায় অর্থ গ্রহণ করবে এবং সমপরিমাণ বিদেশি মুদ্রা ব্যাংক চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। তবে এ জন্য বিদেশি ট্যুর অপারেটর বা হোটেলের সঙ্গে চুক্তি থাকতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ব্যক্তির ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার বিদেশি মুদ্রা পাঠানো যাবে। এ অর্থ ব্যক্তিগত ভ্রমণ কোটার বাইরে থাকবে। বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বৈদেশিক মুদ্রা বহন করতে পারেন; এর মধ্যে ৫ হাজার নগদ এবং ৭ হাজার কার্ডের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ট্যুর অপারেটরদের অবশ্যই সরকারের নিবন্ধন সনদ থাকতে হবে এবং তারা টোয়াব (ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)-এর সদস্য হতে হবে। ব্যাংকের অথোরাইজড ডিলার শাখা প্রয়োজনীয় কাগজ যাচাই করে বিদেশি মুদ্রা পাঠাবে। এজন্য ইনভয়েস, চুক্তি, ভ্রমণসূচি, ভ্রমণকারীদের তালিকা এবং টাকায় অর্থ গ্রহণের প্রমাণ জমা দিতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশি মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ রেকর্ড রাখতে হবে। এছাড়া অন্য কোনো কোম্পানির মাধ্যমে বার্ষিক সীমা অতিক্রম করা হয়নি এ মর্মে ভ্রমণকারীর কাছ থেকে ঘোষণা নিতে হবে।
নতুন সিদ্ধান্তের ফলে বিদেশে হোটেল বুকিং, যাতায়াত ও অন্যান্য খরচ সরাসরি পাঠাতে পারবে ট্যুর অপারেটররা। এতে ভ্রমণকারীদের জন্য প্রক্রিয়া সহজ হবে এবং বিদেশি সেবাদাতাদের সঙ্গে লেনদেন আরো স্বচ্ছ হবে।
বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, বিদেশি মুদ্রা পাঠানোর সাত দিনের মধ্যে এডি ব্যাংকগুলোকে বিস্তারিত বিবরণী জমা দিতে হবে। এভাবে ভ্রমণসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
logo-1-1740906910.png)