Logo
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারীদের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশ

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৪:৩৬

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারীদের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয় আবেদনকারীদের তালিকায় শীর্ষ পাঁচ দেশের একটি বাংলাদেশ। তিনি বলেন, সম্প্রতি আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে খুব অল্পসংখ্যক আবেদন অনুমোদিত হয়েছে।

৯ আগস্ট ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি গুরুত্ব পায়। বৈঠকে যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের প্রসঙ্গ উঠে আসে। সারাহ কুক জানান, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের বিষয়ে সরকার ও জনগণ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে যুক্তরাজ্য সরকারের আগ্রহ রয়েছে। নিরাপদ, নিয়মিত ও যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসন নিশ্চিত করতে তারা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। পাশাপাশি অভিবাসনব্যবস্থা উন্নয়নে সহযোগিতা জোরদার এবং ‘গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন’ বাস্তবায়নে সহায়তার কথা জানান তিনি।

ব্রিটিশ হাইকমিশনার আরো জানান, আশ্রয়ের আবেদন নামঞ্জুর হওয়ার পর কেউ স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে পুনর্বাসনের জন্য ৩ হাজার পাউন্ড আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মাধ্যমে আবেদনকারীদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ হয়।

অপরদিকে, মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ ও মানসম্পন্ন জনশক্তি তৈরি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার রোধে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করা জরুরি। তিনি এ বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

Logo