Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে পড়াশোনা শেষে তরুণদের দেশে ফেরাতে উদ্যোগ সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৩:৪১

বিদেশে পড়াশোনা শেষে তরুণদের দেশে ফেরাতে উদ্যোগ সরকারের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষে তরুণরা যেন দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। ৭ আগস্ট রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গত ১৭ বছরে ক্ষমতাসীন সরকার শিক্ষার্থীদের কিছু দিতে ব্যর্থ হয়েছে, বরং তাদের শোষণ করেছে। তবে বর্তমান সরকার চায় বিদেশে পড়াশোনা করা তরুণরা সেই জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে অবদান রাখুক।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অনেকেই কাজ করছেন, যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখছেন। তাই সরকারও চায় শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করুক, তবে সেই জ্ঞান যেন দেশের উন্নয়নে কাজে লাগে।

তিনি আরো বলেন, বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলা হচ্ছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। শিক্ষা এখন কেবল ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়, এটি কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ।

শামা ওবায়েদ জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করছে। একই সঙ্গে দেশীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতেও কাজ করছে।

তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে। শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রম আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার সহযোগিতা করবে।

প্রতিমন্ত্রী মনে করেন, তরুণদের বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরানো গেলে তারা উদ্যোক্তা হয়ে রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

Logo