Logo
×

Follow Us

বাংলাদেশ

সাফে আসছে আরো পাঁচ প্রবাসী ফুটবলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৩:৪০

সাফে আসছে আরো পাঁচ প্রবাসী ফুটবলার

বাংলাদেশ ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের আগমন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। হামজা চৌধুরীর যোগদানের পর থেকেই একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি গায়ে জড়াচ্ছেন। শমিত সোম ও ফাহমিদুল ইসলাম ইতোমধ্যেই জাতীয় দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। তাদের দেখে ইউরোপ ও আমেরিকায় থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা অনুপ্রাণিত হচ্ছেন। এবার সাফ চ্যাম্পিয়নশিপের আগে আরো পাঁচ প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ দলে দেখা যেতে পারে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেপ্টেম্বরে ফিফা উইন্ডো এবং নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নতুন প্রবাসী ফুটবলার যোগ করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে দুজনের ব্যাপারে প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। যুক্তরাজ্য প্রবাসী উইঙ্গার ফারহান আলী এবং ফরোয়ার্ড জায়ান হাকিমের ফিফা ও এএফসি থেকে প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় আছে বাফুফে। শিগগিরই তাদের বাংলাদেশি হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বাকি তিনজনের মধ্যে দুজন ইংল্যান্ডে এবং একজন জাপানে খেলছেন। তবে তাদের নাম এখনই প্রকাশ করতে চাইছে না ফেডারেশন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, কোচ তাদের ট্রায়ালে ডাকবেন কিনা সেটি নির্ভর করছে। তিনি বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত স্কোয়াডে পাঁচজনের মধ্যে কয়জন থাকবেন, সেটা কোচের সিদ্ধান্ত। তবে আমি বলতে পারি, তারা সবাই ক্যাম্পে থাকবেন।”

গত বছর ঢাকায় প্রবাসী ফুটবলারদের ট্রায়াল আয়োজন করেছিল বাফুফে। প্রায় ৫০ জন অংশ নিলেও খুব বেশি খেলোয়াড় পাওয়া যায়নি। তাই এবার ভিন্ন পথে হাঁটতে চায় ফেডারেশন। ফাহাদ করিম জানিয়েছেন, আগামী গ্রীষ্মে ইউরোপের কোনো দেশে ট্রায়াল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। তিনি বলেন, “আমাদের বেশির ভাগ আবেদন আসছে ইউরোপ থেকে। বাংলাদেশে ট্রায়াল দিতে তারা নিজ খরচে আসতে চায় না বা পারে না। তাই লন্ডন বা যেখানে বেশি প্রবাসী আছে, সেখানে ট্রায়াল করলে তারা সুবিধা পাবেন।”

সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরে ফিফা উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। দুটি বিকল্প নিয়ে ভাবছে তারা- কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্ট খেলা অথবা ঢাকায় চার জাতির প্রতিযোগিতা আয়োজন। কোচ থমাস ডুলি ঢাকায় ম্যাচ খেলতে আগ্রহী। চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশ, কিরগিজস্তান ও মঙ্গোলিয়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। বাকি একটি দেশ যুক্ত করার চেষ্টা চলছে।

Logo