Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে জাতীয় কমিটি পুনর্গঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৭

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে জাতীয় কমিটি পুনর্গঠন

দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ১৭ সদস্যের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটি পুনর্গঠন করা হয়েছে। ৫ আগস্ট শাহজালালের সার্বিক কার্যক্রম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের পরপরই এ কমিটি গঠনের ঘোষণা আসে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রতিমন্ত্রী থাকবেন সহসভাপতির দায়িত্বে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা সদস্যকে করা হয়েছে সদস্য সচিব। গোয়েন্দা সংস্থা, মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বেবিচক সদর দপ্তরে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রযুক্তিগত উন্নয়ন ও কৌশলগত সুপারিশ প্রদান করবে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করা হবে। নতুন বিমানবন্দর নির্মাণে নিরাপত্তাজনিত অবকাঠামো নিশ্চিতকরণ, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড অনুসরণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিদ্যমান নিরাপত্তা নীতি পর্যালোচনার দায়িত্বও পালন করবে কমিটি। প্রয়োজনে বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্তি এবং উপকমিটি গঠনের সুযোগ রাখা হয়েছে। সভাপতি বছরে অন্তত দুবার কমিটির সভা আহ্বান করবেন।

মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তাকে আরও প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে এ কমিটি মূল ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সমন্বয় ও তদারকির ফলে দেশের বেসামরিক বিমান চলাচল খাত আন্তর্জাতিক পর্যায়ে আস্থা অর্জন করবে এবং বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত হবে।

এই উদ্যোগকে বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বিমানবন্দরের নিরাপত্তা শুধু যাত্রীদের সুরক্ষার জন্য নয়, বরং দেশের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। আন্তর্জাতিক মান বজায় রাখতে হলে প্রযুক্তি, দক্ষ জনবল এবং কার্যকর সমন্বয় অপরিহার্য।

Logo