দুবাইফেরত যাত্রীর প্যান্টের ভেতর লুকানো দেড় কেজি স্বর্ণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:০৫
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর অন্তর্বাসে লুকানো দেড় কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ দল।
আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার, তিনি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকার বাসিন্দা। ৩ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার প্যান্টের নিচে অন্তর্বাসে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পেস্ট ও পাউডার আকৃতির স্বর্ণ পাওয়া যায়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা পেস্ট থেকে আনুমানিক দেড় কেজি স্বর্ণ পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সমন্বিত নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের ঘটনা নতুন নয়। প্রায়ই দুবাই, মাসকাট ও দোহা থেকে আগত যাত্রীদের কাছ থেকে স্বর্ণের বার, পেস্ট বা অলংকার উদ্ধার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় চোরাচালানকারীরা নতুন কৌশল নিচ্ছে। যেমন- পেস্ট বা পাউডার আকারে স্বর্ণ লুকিয়ে আনা।
logo-1-1740906910.png)